ডিসেম্বরে ঢাকায় আসছে ভারত, খেলবে ওয়ানডে ও টেস্ট

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০২:৩৭ পিএম

দেশের মানুষজন যখন বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মাতোয়ারা থাকবেন, তখনই বাংলাদেশ সফর করবে ভারত ক্রিকেট দল। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে ঢাকায় পা রাখবেন বিরাট কোহলি ও রোহিত শর্মারা। এই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। সফর শেষ হবে ২৬ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

সফর শুরু হবে ওয়ানডে দিয়ে। তিনটি ওয়ানডেই খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল। সেবারই ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয় করে টাইগাররা। ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজের দুর্ধর্ষ বোলিংয়ে তছনছ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। একই সঙ্গে একমাত্র টেস্টের সিরিজটি হয়েছিল ড্র।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ভারত-বাংলাদেশ ক্রিকেট প্রতিদ্বন্দীতা এখন দুই দেশের মধ্যে বেশ উত্তেজনাকর একটি সিরিজ। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছে উভয় দেশের ক্রিকেটপ্রেমীদেরকে। এ কারণে দুই দেশের সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই দেখার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের সঙ্গে কাজ করবে সিরিজটি ভালোভাবে আয়োজন করার জন্য। আর আমরাও তাকিয়ে আছি ভারতীয় দলকে স্বাগত জানানোর জন্য।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আসন্ন দ্বি-পাক্ষিক সিরিজ উপলক্ষে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষকে শুভেচ্ছা জানাই। দুই দেশেরই প্রচুর ক্রিকেট সমর্থক রয়েছে এবং আমি মনে করি, দুই দেশের ক্রিকেট লড়াই সমর্থকদের প্রচুর আনন্দ দেবে। সিরিজটির সাফল্য কামনা করি।’

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

তারিখ

খেলা

স্থান

১ ডিসেম্বর

ভারতীয় দলের আগমণ

ঢাকায়

৪ ডিসেম্বর

প্রথম ওয়ানডে

মিরপুর

৭ ডিসেম্বর

দ্বিতীয় ওয়ানডে

মিরপুর

১০ ডিসেম্বর

তৃতীয় ওয়ানডে

মিরপুর

১৪-১৮ ডিসেম্বর

প্রথম টেস্ট

চট্টগ্রাম

২২-২৬ ডিসেম্বর

দ্বিতীয় টেস্ট

মিরপুর

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত