ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের এক ছাত্রীকে প্রধান ফটকে হয়রানি এবং সঙ্গে থাকা বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী মেহেদি হাসান হাফিজসহ কয়েকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পরে সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রধান ফটকে একত্রিত হয়ে বিক্ষোভ করেছে ছাত্রীরা। অভিযুক্ত হাফিজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের একনিষ্ট কর্মী বলে জানা গেছে।
এদিকে, ঘণ্টা ধরে চলা আন্দোলনস্থলে সহকারী প্রক্টর ও হল প্রভোস্ট উপস্থিত হয়েছেন। তারা ঘটনা সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু ছাত্রীরা অভিযুক্তদের স্থায়ী ছাত্রত্ব বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ছাত্রীরা অভিযোগ করে বলেছেন, আমরা অনিরাপদ হয়ে পড়েছি। অভিযুক্তরা প্রকাশ্যে হেনস্তা করেছে আমাদের এক সহপাঠীকে। এর সর্বোচ্চ বিচার চাই আমরা।'
অভিযুক্ত মেহেদি হাসান হাফিজ বলেন, 'আমি বহিরাগত একজনকে মেরেছি। ওই ছাত্রীকে চিনি না।'
সহকারী প্রক্টররা বলেন, 'আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।'
