রাজধানীর আসাদগেটে এলাকায় মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এসময় ছিনতাইকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, আসাদগেট এলাকায় যানজট আটকে আছে গাড়ি। আর গাড়ির ফাঁক দিয়ে কয়েকজন তরুণ ছোটাছুটি করছেন। তাদের সবার হাতে ধারালো অস্ত্র।
ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এঘটনায় পুলিশ বলেছে, ভিডিওটি তারা দেখেছেন, যা অস্পষ্ট। যিনি ভিডিওটি ছড়িয়েছেন, তিনিও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না বলে পুলিশ জানিয়েছে।
বাসের এক যাত্রীর ফোন জানালা দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা হলে তিনি ছিনতাইকারী বলে চিৎকার দেন। যাত্রীরা তখন একসঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। রাস্তার উল্টো দিকে থাকা পুলিশের একটি ভ্যান থেকে বাঁশি বাজালে ও লাঠি দেখালে ছিনতাইকারীরা সেখান থেকে সরে যান। কিন্তু এর পরপরই বড় ছুরি হাতে ৩-৪ জন ছিনতাইকারী বাসের দিকে তেড়ে এলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনার অংশবিশেষ ভিডিও করে নিজের ফেসবুকে পেজে শেয়ার করেন জর্দান আসিফ নামের একজন ব্যবসায়ী।
ঘটনার বিষয়ে তিনি বলেন, আমি আমার বোনকে হাসপাতালে রেখে ট্রান্স সিলভা পরিবহনের ওই বাসে করে মিরপুর থেকে বাসায় ফিরছিলাম। বাসটি তখন আসাদগেট পথচারী সেতুর নিচে যানজটে দাঁড়ানো ছিল। এ সময় কয়েকজন ছেলে আমাদের বাসের এক যাত্রীর মোবাইল টান দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেঁচামেচি করলে ছিনতাইকারীরা কোমরে থাকা ছুরি বের করে কোপ দেওয়ার চেষ্টা করে।
ভিডিওতে বাসের যাত্রীদের একজনকে বলতে শোনা যায়, কত বড় চাকু হাতে দেখছেন, এই দিন-দুপুরে বাসে ডাকাতি! মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আরেকজন যাত্রী বলেন, পুলিশ দেখলো, একটা বাঁশি ফুঁ দিলো আর চইলা গেলো। আর ওরা তো চাকু নিয়া ঘুরতাছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, বিষয়টি তাদের নজরে এসছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। জড়িতদের আইনের আওতায় আনতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
