করোনা অতিমারির ঝড় সামলে আবার স্বাভাবিক জীবনে ফিরেছে গোটা বিশ্ব। ক্রমশ নিম্নমুখী সংক্রমণও। এমন সময় অশনি সংকেত দিল বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কয়েকটি দেশে করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়তে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ওমিক্রনের সাবভ্যারিয়েন্টে ‘এক্সবিবি’ নিয়েই মাথাব্যথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই উপপ্রজাতির হানাতেই করোনার আরও একটা ঢেউয়ের সম্ভাবনা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনার এই উপপ্রজাতি মারাত্মক হবে কি না, সে ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন সৌম্য স্বামীনাথন।
করোনার এই উপপ্রজাতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী বলেছেন, ওমিক্রনের তিনশোটিরও বেশি উপপ্রজাতি রয়েছে। এই মুহূর্তে যেটি ঘিরে উদ্বেগ, সেটি হল এক্সবিবি। এটা অ্যান্টিবডির কার্যকারিতাকে ছাপিয়ে যেতে পারে। তাই এই সংক্রমণের জেরে আরও একটা করোনার ঢেউ আমরা দেখতে পারি।
তবে ভাইরাস প্রতিরোধে গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, বিভিন্ন দেশে করোনা পরীক্ষার হার কমেছে। গত কয়েক মাসে নজরদারিও কমেছে। তাই আমাদের পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা বলতে পারি না যে, অতিমারি শেষ হয়ে গিয়েছে। তাই সমস্ত রকম সাবধানতা মেনে চলা দরকার। একটাই ভাল ব্যাপার যে, আমাদের কাছে টিকা রয়েছে।
