টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটিশদের বিদায় করে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৫:৩৪ পিএম

জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩৩ রান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে সেটা টপকানোর লক্ষ্য ছিল ১৯.১ ওভার। তবে চার বল আগেই জিম্বাবুয়ে তা ছুঁয়ে ফেলে। সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে আর অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিয়ে সুপার টুয়েলভে নাম লেখায় রোডেশিয়ানরা। আর তাতেই বিদায় নিশ্চিত হয় স্কটল্যান্ডের।

হোবার্টের ভেলেরিভ ওভালের টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তোলেন সিকান্দার রাজা। ২৩ বল খেলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করে দলকে সহজ জয় পাইয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও উঠলো তার হাতে।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন ৫৪ বলে ৬ চারে সাজান ৫৮ রানের অনবদ্য এক ইনিংস। তবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে চতুর্থ উইকেট জুটিতে সিকান্দার রাজা এসে ব্যাটিং তান্ডব চালাতে থাকেন। মাত্র ২৩ বলে তিন চার ও ২ ছক্কায় খেলেন ৪০ রানের একটি ঝড়ো ইনিংস। তবে খেলা শেষ করার আগেই ফিরে যান তিনি। টিকে থাকতে পারেননি আরভিনও।

তবে তারা ফিরে গেলেও অন্য প্রান্ত বাকি পথ পাড়ি দিতে কষ্ট হয়নি মিল্টন সুম্বা ও রায়ান বার্লের। স্কটিশদের জশ ডেভি ১৬ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। 

এই জয়ে জিম্বাবুয়ে চলে গেল বাংলাদেশের গ্রুপে। আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত