দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে। মানুষের কষ্ট হচ্ছে। শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। কোনো পণ্যের দাম বাড়ায়নি সরকার।
তিনি বলেন, জিনিসের দাম বাড়ল যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন বাড়ল, সেটা খেয়াল নেই। তারা ঘোলা পানিতে মাছ শিকার করছে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সরকার সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। শেখ হাসিনা প্রতিটি মানুষকে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছে। কিন্তু, এ সময় বিএনপিকে কাছে পাইনি। বিএনপি কি করোনার সময় মানুষের পাশে ছিল?
জাহিদ মালেক বলেন, মানিকগঞ্জে জাতীয় নির্বাচনের সমায় যারা বিএনপিতে নির্বাচন করে তারা ভাড়াটিয়া। তারা তো এলাকার না। ভাড়াটে লোক দিয়ে উন্নয়ন হয় না। বিএনপির সময় মানিকগঞ্জে কোন রাস্তা ঘাট, ব্রিজ, হাসাপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ভবন নির্মাণ করেনি। যারা ভোট নেয়, কিন্তু জনগণের জন্য কিছু করে না। তাতে প্রমাণ হয়ে যায়, বিএনপির দেশের মানুষের জন্য ভালবাসা নেই।
এই সরকারের আমলে সাটুরিয়া-মানিকগঞ্জসহ দেশের সকল স্থানে উন্নয়ন হয়েছে উল্লেখ করে, যারা জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করে; এখনও জাতির জনক বঙ্গবুন্ধকে স্বীকৃতি দেয় না, আগামী নির্বাচনে তাদেরকে ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
