শুরু থেকেই তাণ্ডব চালিয়েছিলেন ডেভিড কনওয়ে। তার ঝড়ো ব্যাটিং বড় রানের পথ দেখিয়েছে নিউজিল্যান্ডকে। সঙ্গে ব্যক্তিগত রানের ঝুলিতেও হাতছানি দিচ্ছিল তিন অংকের রান স্পর্শের। তবে শেষ পর্যন্ত তা আর পেরে উঠেননি। কিন্তু দল ঠিকই পেয়েছে বড় পুঁজি। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা ২০১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে।
কিউইদের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন ডেভিড কনওয়ে। ৫৮ বল স্থায়ী তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ২টি ছক্কায়। এছাড়া তিন ছক্কা ও পাঁচ চারে ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন আরেক ওপেনার ফিন অ্যালেন। পাওয়ার প্লেতে এই দুই ব্যাটার তাণ্ডব চালিয়েছিলেন। তাতে ৬ ওভারে ৬৫ রান সংগ্রহ করে কিউইরা।
তিনে নেমে ২৩ বলে ২৩ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ইনিংসটিতে একটি করে চার ও ছক্কার মার। এছাড়া গ্লেন ফিলিপস ১২ ও জেমস নিশাম ২৬ রান করেন। তাতে ২০০ রানের পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে জশ হেজেলউড ৪১ রান দিয়ে দুটি উইকেট সংগ্রহ করেন। এছাড়া অ্যাডাম জাম্পা ৩৯ রান খচায় শিকার করেন একটি উইকেট।
২০১ রানের লক্ষ্যে একটু পর ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।
