মেলবোর্নের আবহাওয়ায় ভারত-পাকিস্তান সমর্থকদের স্বস্তি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৩:৪৭ পিএম

বৃষ্টি হানা দিতে পারে ভারত পাকিস্তান ম্যাচে। রবিবার মেলবোর্নে বৃষ্টির আশঙ্কা ৮০ শতাংশ ছিল। তাতে শঙ্কা জেগেছিল ভেসে যেতে পারে হাই-ভোল্টেজ এই ম্যাচ। তবে ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা কিছুটা স্বস্তি পেতে পারেন।  কারণ, রবিবার বৃষ্টির সম্ভাবনা কমে হয়েছে ৭০ শতাংশ।

শনিবার অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, সারা দিন মেঘাচ্ছন্ন থাকবে মেলবোর্ন। দুপুরের পর ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। দুপুরের পর থেকে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২০ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সময় সন্ধ্যে ৭টায় ভারত-পাকিস্তান ম্যাচ। তাই উদ্বেগ, অনিশ্চয়তা আছেই। অর্থাৎ, ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়েছে।

প্রস্তুতিতে ফাঁক রাখছে না কোনো দলই। মাঠে নামার জন্য তৈরি রোহিত, বাবররা। চলতি মরসুমে টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ফলাফল ১-১। মেলবোর্নের ২২ গজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ উভয় পক্ষের সামনেই। কিন্তু ম্যাচের তৃতীয় পক্ষ হিসাবে হাজির বৃষ্টির রক্তচক্ষু। যা উৎকণ্ঠা বাড়াচ্ছে আয়োজকদের। ম্যাচ হলেও সম্পূর্ণ খেলা কি হবে? বৃষ্টি হলেও অন্তত কত ওভারের খেলা করা সম্ভব? এই সব নিয়েই অঙ্ক কষছেন তাঁরা।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটই সব থেকে আগে বিক্রি হয়ে গিয়েছিল। ক্রিকেটপ্রেমীদের বিপুল চাহিদা সামলাতে কিছু বাড়তি টিকিট দিয়েছিল আইসিসি। তাও মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আকর্ষণকেও ছাপিয়ে গিয়েছে ভারত-পাকিস্তান দ্বৈরথের আকর্ষণ। আইসিসিও তা-ও রবিবার চাতক পাখি হয়েই থাকতে চায়। জল ভরা মেঘ দেখেই তৃষ্ণা মেটাতে চায়!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত