মাদারীপুরে নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুরের এক খালের ভেতর থেকে লামিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহত লামিয়া সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো।
পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি হোসনাবাদ থেকে নানাবাড়ি চরনাচনা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় লামিয়া।
পরে লামিয়ার আর কোনো খোঁজ না পাওয়া গেলে শুক্রবার দুপুরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। সেদিন রাতে খোঁজাখুঁজির একপর্যায়ে লামিয়ার লাশ খালের মধ্যে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লামিয়ার লাশ খালের পানিতে ফেলে রেখে যায়।
লামিয়ার বাবা লোকমান ফকির বলেন, আমি হত্যার কঠোর বিচার চাই, আমি এই হত্যাকারীরর ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে নির্জন স্থানে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
