এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরু হয়েছিল অঘটন দিয়ে। বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। তবে এশিয়ার চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচেই। বাকি দুই ম্যাচ জিতে তারা মূল পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডের শুরুটাও লঙ্কানদের মতোই। জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা। কিন্তু পরের ম্যাচেই স্কটল্যান্ডকে তারা হারিয়ে ঘুরে দাঁড়ায়। আর শেষ ম্যাচে জন্ম দেয় অঘটনের। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে বাছাইপর্ব থেকেই বিদেয় করে। আইরিশরা উঠে যায় সুপার টুয়েলভে।
অঘটনের সাক্ষী এ দুই দল আজ বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হচ্ছে। হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা।
আগে মুখোমুখি দুই ম্যাচের সবকটিতেই জিতেছে শ্রীলঙ্কা। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিয়ে সুপার টুয়েলভে এসেছে আয়ারল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে আইরিশদের তাই হালকাভাবে নিতে নারাজ লঙ্কানরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েই আমরা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছি। শেষ দুই ম্যাচে দলের সবাই সেরা পারফরমেন্সটাই দিয়েছে। মূল পর্বে বড়-বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা।’
আয়ারল্যান্ডের তুরুপের তাস পল স্টার্লিং। আগের ম্যাচে এই ওপেনারের ৪৮ বলে ৬৬* রানের ইনিংসেই ভর করেই আয়ারল্যান্ড হারিয়েছে ক্যারিবীয়দের। বড় ম্যাচে জ্বলে ওঠার অভ্যাস আছে স্টার্লিংয়ের। দুই দলের লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারেন স্টার্লিং।
