জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন

ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদলের পরিদর্শন

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৬:৪২ এএম

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল। ২৬ সদস্যের এই প্রতিনিধিদলে ওই কলেজে প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।

গতকাল শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের সুনামের পরিপ্রেক্ষিতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে প্রতি বছরই ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদল বাংলাদেশ মিশন পরিদর্শন করে থাকে। 

আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদলকে মিশনে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। স্বাগত বক্তব্যে তিনি শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ব্যাপক অবদান এবং শান্তি ও নিরাপত্তা রক্ষা, টেকসই শান্তি ও পিস বিল্ডিং কার্যক্রমে জাতিসংঘে বাংলাদেশের নিবিড় অংশগ্রহণের কথা তুলে ধরেন।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি। জাতিসংঘে ‘শান্তির সংস্কৃতি’ এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক প্রস্তাব (রেজুলেশন) দুটি গৃহীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব এবং বাংলাদেশ উত্থাপিত অন্যান্য প্রস্তাব যেমন : অন্ধত্ব প্রতিরোধ, ডুবে মৃত্যুরোধ, প্রাকৃতিক তন্তু পাট এবং দোহা প্রোগ্রাম অব অ্যাকশনের কথাও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, বর্তমানে বাংলাদেশ পিসবিল্ডিং কমিশনের চেয়ার এবং ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

বাংলাদেশে কভিড-১৯ অতিমারী মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ জাতিসংঘে যে সব পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে তাও উল্লেখ করেন স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে বহুমুখী সহযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ৮১ হাজার ৬৬১ জন শান্তিরক্ষী জাতিসংঘের ৫৬টি পিস কিপিং মিশনে অংশ নিয়েছেন। বর্তমানে ৯টি মিশনে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ১৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী। দায়িত্ব পালনরত অবস্থায় এ পর্যন্ত শহীদ হয়েছেন ১৬৫ জন ও আহত হয়েছেন ২৫৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত