হাতে ধনুক। গেরুয়া পোশাকে রামবেশে প্রভাস। আজ ২৩ অক্টোবর নায়কের জন্মদিন। এমন দিনে বিশেষ কিছু হবে না তা কি হয়? টিম 'আদিপুরুষ'-এর পক্ষ থেকে এলো দারুণ উপহার। শ্রীরামের বেশে প্রভাসের একটি দারুণ ছবি প্রকাশ্যে এলো।
রামায়ণ অবলম্বনে তৈরি হচ্ছে 'আদিপুরুষ'। যে ছবির মুখ্য চরিত্রে প্রভাস। ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে এ ছবি। প্রভাসের জন্মদিনে এই নতুন ছবি প্রকাশ্যে এনে এর মধ্যেই তার ভক্তদের চমকে দিয়েছে গোটা 'আদিপুরুষ' টিম। শুধু কি তাই! অভিনেতার অন্য ছবি 'প্রজেক্ট কে'-এর তরফ থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা। যে ছবিতে প্রভাসের পাশাপাশি দেখা যাবে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনকে।

'আদিপুরুষ' ছবিতে রাম-এর ভূমিকায় প্রভাস। আজ অভিনেতার জন্মদিনে ছবিটি প্রকাশ করে টিম 'আদিপুরুষ'
প্রভাসের প্রশংসা করে পরিচালক ওম রাউত বলেন, 'প্রভাস এ প্রজন্মের অন্যতম পরিশ্রমী অভিনেতা। রামের চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন তিনি।'
প্রসঙ্গত, সম্প্রতি 'আদিপুরুষ' বিতর্কে জড়িয়েছে। এ ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। মূলত সাইফের সেই লুক নিয়েই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। অন্যদিকে ছবির ভিএফএক্স-এর মান খুবই দুর্বল বলেও নির্মাতাদের সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই আবার নতুন করে নিজেদের রণকৌশল সাজাতে ব্যস্ত টিম আদিপুরুষ। তবে প্রভাসের জন্মদিন বলে কথা। তাই রবিবার যাবতীয় বিতর্ক সরিয়ে রেখে অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না কেউই। সূত্র : বলিউডলাইফ ডটকম
