যুক্তরাষ্ট্রের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের সঙ্গে দেশটির রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন।
গতকাল রবিবার বিকেলে বেবিচক সদর দপ্তরে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হাস। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বিমান চলাচল বিশেষ করে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন।
বেবিচক চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে একটি সময়াবদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ বাস্তবায়নের জন্য দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রদূত ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি খুব শিগগিরই এ ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও জানান রাষ্ট্রদূত পিটার হাস।
