সিংগাইরে প্রভাবশালীরা দখলের প্রতিযোগিতায়

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:৩১ এএম

মানিকগঞ্জের সিংগাইরে প্রভাবশালীরা সড়কের জমি দখলের প্রতিযোগিতায় নেমেছেন। উপজেলার সিংগাইর-সিরাজপুর সড়কে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ প্রভাবশালীরা সরকারি গাছ কেটে এবং সড়কের ওপর বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করছেন।

গতকাল সোমবার সড়কটির জামির্ত্তা ইউনিয়নের আলীনগর এলাকায় গিয়ে দেখা যায়, সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার তার বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে সরকারি গাছসহ রাস্তার কিছু অংশ দখলে নিয়েছেন। পাশাপাশি তিনি রাস্তার দক্ষিণ পাশে সরকারি রাস্তার একটি কড়ই গাছের অর্ধেক অংশ কেটে আলিফ এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন।

স্থানীয়রা জানান, রাস্তার জায়গা দখল ও গাছ কর্তনকারী শারমিন আক্তার ভাইস চেয়ারম্যান হওয়ায় এবং তার ভাই মনির হোসাইন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। একজন জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে এভাবে সরকারি রাস্তা দখল করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এদিকে, সড়কটির প্রবেশ পথ সিংগাইর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে জনৈক ধুনাই শেখ রাস্তার জায়গা দখল করে বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করেছেন। সেখানেও দৃশ্যমান সরকারি রাস্তার গাছ বাউন্ডারির ভেতরে ফেলে আটকে দেওয়া হয়েছে।

এ ছাড়া, ওই সড়কের সাহরাইল বাজার এলাকায় লক্ষ্মীপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে আরিফুল ইসলাম মিস্টার এলজিইডির রাস্তার অংশ দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে।

সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার বলেন, রাস্তা বাড়ানোর সময় বর্ধিত অংশ ছেড়ে দেব। কাজটি আমার ভাই করেছেন।

উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, গাছের একটি অংশ কেটে দোকান নির্মাণের বিষয়টি জানা নেই।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ বলেন, তিন দিনের সময় দিয়ে রাস্তার দখল করা অংশের স্থাপনা ভেঙে দেওয়ার কথা বলব। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত