২০২০ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। তবে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। এইচএসসি প্রথম বর্ষে তারা নিবন্ধন করলেও পরীক্ষার জন্য ফরম পূরণ করেনি। পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতি ও কাজে যোগদানসহ বিভিন্ন কারণে প্রতি বছরই কিছু পরীক্ষার্থী ফরম পূরণ করে না। এবারও এরকম শিক্ষার্থী রয়েছে।
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজশাহী বোর্ডের অধীনে আট জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় সর্বমোট অংশ নেবে ১ লাখ ২৯ হাজার ২৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩৬ এবং ছাত্রী ৬০ হাজার ৯৮৯ জন। এবার বিজ্ঞান শাখায় ৩৪ হাজার ৬ জন, মানবিকে ৮০ হাজার ৯৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অংশ নেবে।
২০২০ সালে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির পর রাজশাহী শিক্ষা বোর্ডে নিবন্ধিত শিক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ১৬৮ জন। এর মধ্যে পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১ লাখ ২৪ হাজার ৯০৯ জন। বাকি ৩০ হাজার ২৫৯ জন ফরম পূরণ করেনি। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৪৪ জন ও ছাত্রী ১৭ হাজার ৭১৫। অর্থাৎ মোট শিক্ষার্থীর ১৯ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী ফরম পূরণ করেনি। এর আগে নবম শ্রেণির রেজিস্ট্রেশন করেও চলতি বছর এসএসসি পরীক্ষায় ২৯ হাজার ৮৮০ শিক্ষার্থী ফরম পূরণ করেনি।
শিক্ষার্থী কমার বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, আসলে বিভিন্ন ধরনের কাজের মধ্যে ঢুকে গেছে অনেকেই। কিছু শিক্ষার্থী আবার এমনিতেও পড়াশোনা ছেড়ে দিয়েছে। আসলে এ বিষয়ে বোর্ডের তো কোনো গবেষণার ব্যবস্থা নেই। প্রতিবারই কমে, এবার হয়তো বেশি কমেছে। করোনারও প্রভাব আছে। এ কারণেই একটু বেশি কমেছে।
রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, প্রতি বছরই এরকম শিক্ষার্থী থাকে। বিভিন্ন কারণে এমনটা হতে পারে। এসএসসি পরীক্ষার পর অনেকেই কাজে যোগ দেন। আবার অনেকেই এমনিতেও পড়া ছেড়ে দেন। এছাড়া এই সময়ে অনেক মেয়ের বিয়েও হয়ে যায়। এ সবই বাস্তবতা। শিক্ষাক্ষেত্রে এত সুবিধা দেওয়ার পরও অনেক শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারে না।
