হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৩৬ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৪ টাকা করে কমেছে।

ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া একই জাতের মাঝারি আকারের পেঁয়াজ ৩৪-৩৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।

দেশের বাজারে বাড়তি চাহিদা থাকায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় এবং ক্রেতা কম থাকায় আবারও দাম কমতির দিকে। এ ছাড়া দেশীয় পেঁয়াজের দাম বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় উঠে গিয়েছিল। সেটি কমে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় নেমেছে; ফলে আমাদানি করা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি খানিকটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, বর্তমানে তা বেড়ে ৩০-৪০ ট্রাক করে আমদানি হচ্ছে। গত রবিবার বন্দর দিয়ে ৩২ ট্রাকে ৯৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর শনিবার ৩৯টি ট্রাকে১ হাজার ১৩৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত