ক্রিকেটে মহারণ মানেই ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ। এ যেন দুই দেশের যুদ্ধ। মাঠের লড়াইটা টানটান উত্তেজনার হলে স্নায়ু ধরে রাখা ভীষণ কঠিন। রাজনৈতিক বৈরিতার কারণে বড় আসরেই দুই দল মুখোমুখি হয়। খেলাটি ঘিরে তাই আগ্রহ থাকে তুঙ্গে। গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারায় ভারত। যে খেলার শেষ মুহূর্তের উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় যুবকের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের আসামে ম্যাচের শেষ মূহুর্তের উত্তেজনা সামলাতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান বিটু গগৈ নামে ৩৪ বছর বয়সী এক ভারতীয় ক্রিকেট সমর্থক। স্থানীয় একটি সিনেমা হলের বড় পর্দায় ভারত-পাকিস্তানের ম্যাচটি দেখানোর আয়োজন করা হয়েছিলো। বিটু সেখানে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। খেলার শেষ সময় যখন কোহলি ছক্কা মারেন, তখনই নিজেকে সামলাতে না পেরে উত্তেজনায় হার্ট অ্যাটাক করেন বিটু।
বিটু গগৈর বন্ধু জানান, কোহলি ছক্কা মারার পরই আনন্দে জোরে চিৎকার দিয়ে উঠেন তার বন্ধু, সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টান টান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। মোহাম্মদ নওয়াজ প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে আউট করে উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন পাকিস্তানি শিবিরকে। পরের দুই বলে দেন ৩ রান। ফলে শেষ তিন বলে ১৩ রান দরকার পড়ে ভারতের। এমন মুহূর্তে নওয়াজের চতুর্থ বলটি কোহলির কোমরের ওপরে উঠলে নো-বল ডাকেন আম্পায়ার। কোহলি হাঁকান ছক্কা। পাকিস্তানের হাত থেকে ম্যাচটি ছুটে যায় ওই এক ডেলিভারিতেই।
