সংবর্ধিত রওনক জাহান, আকবর আলি খানকে সম্মাননা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:২৪ এএম

গবেষণা, নীতিনির্ধারণ ও উন্নয়ন চিন্তায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও ট্রাস্টি অধ্যাপক ড. রওনক জাহানকে সংবর্ধনা এবং প্রয়াত অর্থনীতিবিদ ড. আকবর আলি খানকে সম্মাননা (মরণোত্তর) জানিয়েছে দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এ দুই গুণিজনের জীবন ও কর্মের প্রতি সম্মান এবং

স্বীকৃতি জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে ‘গুণিজন সংবর্ধনা ২০২২’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ড. রওনাক জাহানের হাতে ক্রেস্ট তুলে দেন। আর আকবর আলি খানের পরিবারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। সংবর্ধিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ড. রওনক জাহান বলেন,

‘কৃতজ্ঞতা জানাচ্ছি এ আয়োজনের জন্য। আমি অভিভূত এ সংবর্ধনার অনুষ্ঠানের জন্য, যা আমার অপ্রত্যাশিত ছিল।’

প্রয়াত আকবর আলি খানের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার ভাতিজি রুবিনা খান। তিনি আকবর আলির ব্যক্তিগত জীবন নিয়ে স্মতিচারণ করেন। বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। সূচনা বক্তব্যের পর সংবর্ধিত দুই গুণিজনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া প্রয়াত ড. আকবর আলি খান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবর্ধিত দুজনের জীবন ও কর্মের দিক নিয়ে আলোকপাত করে অনুষ্ঠানে আলোচনা করেন ড. সালেহউদ্দিন আহমেদ ও অধ্যাপক রেহমান সোবহান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত