রংপুরে প্রেমিকার সাথে ঝগড়া করে রেললাইনে শুয়ে পড়েন শিউলী রানী (২৫) নামে এক তরুণী। পার্বতীপুর থেকে আসা লালমনিরহাট বুড়িমারীগামী ৪৬২ নম্বর ট্রেনটি আসতেই কাটা পড়ে প্রাণ হারান তিনি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর লালবাগ রেলগেটে এ ঘটনা ঘটে।
শিউলী রানী সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধু মিলে রেললাইনের ব্রিজে আড্ডা দেওয়ার সময় ওই তরুণীর সাথে তার প্রেমিকের ঝগড়া হয়েছিল। একপর্যায়ে ছেলেটি রেললাইনের পশ্চিম পাশে চলে যান এবং মেয়েটি পূর্ব পাশে আসেন।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে পার্বতীপুর থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ৪৬২ নম্বর ট্রেনটি আসছিল। এ সময় তরুণী মুখ ঢেকে রেললাইনে শুয়ে পড়েন।
দূর থেকে অনেকেই তাকে বাঁচাতে চিৎকার করলেও ততক্ষণে ট্রেনের নিচে কাটা পড়ে তিন টুকরো হয়ে যায়। এরপর স্থানীয়রা ৯৯৯ ফোন দিয়ে পুলিশে খবর দেয়। রাত ৮টার দিকে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ওই তরুণীর পরিচয় নিশ্চিত করে।
পরিবার সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন বিনোদ বালাপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষীতিশ চন্দ্র বর্মণের মেয়ে শিউলি রানী।
মঙ্গলবার সকালে তার ভাই সুমনের সাথে মোটরসাইকেলে করে রংপুরে যান তিনি।
নিহত তরুণীর বড় ভাই সুমন চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, শিউলি অসুস্থ ছিল। তাকে ভারতে চিকিৎসা দেয়া জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। এরই মধ্যে সে আমাদের ছেড়ে চলে গেল।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
