‘চাকুরিবিধি লঙ্ঘন করে’ সাংবাদিকতা করায় ১২ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৩:৫৪ পিএম

শেরপুরে চাকুরি বিধি লঙ্ঘন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষক সাংবাদিকতা করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

২৩ অক্টোবর জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা মো. রেজুয়ানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি কলেজ এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক ও প্রভাষক পদে কর্মরত অবস্থায় চাকুরি বিধি লঙ্ঘন করে দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করে আসছেন।

তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তা আগামী ১০ নভেম্বরের মধ্যে লিখিত ভাবে জানানোর জন্য বলা হয়েছে।

নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন- শেরপুর সদর উপজেলার ফসিউল দাখিল মাদ্রাসার শিক্ষক ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক ইনকিলাব পত্রিকার মো. মেরাজ উদ্দীন, আল জামিয়াতুল ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষিকা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা দৈনিক আমাদের সময় পত্রিকায়, জেলার নকলা উপজেলার বানের্শ্বদী দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মোশারফ হোসেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা, কলাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. হারুন অর রশিদ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায়, শাহরিয়ার দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হযরত আলী দৈনিক ইত্তেফাক পত্রিকায়, ঝিনাইগাতি উপজেলার ভটপুর আলিম মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দ্যা নিউন্যাশন পত্রিকা, শেরপুর সদরের মডেল গার্লস্ ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ হাসান বাদল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, নকলার চন্দ্রকোনা কলেজের প্রভাষক মহিউদ্দিন সোহেল এসএ টিভি দৈনিক খোলা কাগজ পত্রিকা, নকলার সরকারি হাজি জাল মাহমুদ কলেজের প্রভাষক ড. মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ দ্যা ডেইলি ইনডিপেনডেন্ট পত্রিকা, সরকারি হাজি জাল মাহমুদ কলেজের প্রভাষক আব্দুল মোত্তালিব সেলিম দৈনিক ভোরের কাগজ পত্রিকা, শেরপুর সদরের নিজাম উদ্দিন কলেজের প্রভাষক যথাক্রমে রীতেশ কর্মকার দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকায় এবং মো. মোক্তারুজ্জামান দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকায় কর্মরত আছেন।

সূত্রমতে সম্প্রতি সাংবাদিক আদিল মাহমুদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের স্মারক নং-০৫.৪৫.৮৯০০.০০৬.৯৯.০০৩.২১.২২৮(১) তাং ১৫.০৯.২০২২ইং এর অভিযোগের প্রেক্ষিতে ২৩ অক্টোবর-২০২২ শেরপুর জেলা শিক্ষা অফিসার এ কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

ওই কারণ দর্শানো নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২২ এর অনুচ্ছেদ ১১.১৭, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর অনুচ্ছেদ ১১.১০(ক) এবং বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান  জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর অনুচ্ছেদ ১৫.১ মোতাবেক এমপিও ভুক্ত কোন শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না।

এদিকে উল্লেখিত শিক্ষকরা তথ্য গোপন করে সাংবাদিকতা পেশায় নিয়োজিত হওয়ায় সময় মত শিক্ষাপ্রতিষ্ঠানে সময় না দিয়ে সাংবাদিকতায় সময় দিয়ে নানা অপকর্মে লিপ্ত হওয়ারও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এক শিক্ষক, ও সাংবাদিক নেতা মেরাজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলায় পিবিআই চার্জশিট প্রদান করেছে।

এ বিষয়ে শেরপুর গার্লস মডেল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শেরপুরের পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান, সরকারি প্রজ্ঞাপনে চাকুরির পাশাপাশি সাংবাদিকতায় যদি নিষেধাজ্ঞা থাকে তবে অভিযোগ পেলে সেই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানান, আমরা আগামী ১০ নভেম্বরের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত