তাসকিনের শুরুর আঘাতের পরও ছুটছে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:৪৪ এএম

সকালের সূর্য সারাদিনের পূর্ভাবাস দিয়ে যায়, কথাটি যেন ভুল প্রমাণ করতে চাইলেন দুই প্রোটিয়া ব্যাটার। তাসকিন আহমেদ প্রথম ওভারেই টেম্বা বাভুমার উইকেট শিকার করেন। শুরুতেই তাই চাপে পড়ার কথাই। দেখাও গেল তাই। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে তাসকিন দিলেন দুটি নো বল। আর সেখান থেকেই শুরুর চাপ সামলে ঘুরে দাঁড়ানো শুরু। তাতে আর পাওয়ার প্লেতে দমিয়ে রাখতে পারেননি টাইগার বোলাররা।

তবে পাওয়ার প্লের শেষ ওভারে এসে নামে বৃষ্টি। সিডনিতে সকালে রোদ থাকলেও দুপুরে নেমেছিল বৃষ্টি। সেই বৃষ্টি থামলে সময়মতোই অনুষ্ঠিত হয় টস। কিন্তু ৫.৩ ওভারে ফের নামে বৃষ্টি। তাতে বন্ধ করতে হয় খেলা। ততক্ষণে ৬০ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা। উইকেট হারানোর সংখ্যা মাত্র একটি। খেলা শুরু হয় ২০ মিনিট পর। ওভারের বাকি তিন বল থেকে আসে আরও ৫ রান। তাতে প্রথম ৬ ওভার থেকে ৬৩ রান সংগ্রহ করে নেয় তারা।

অথচ ইনিংসের শুরুতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তাসকিন আহমেদ। নিজের প্রথম ওভারের শেষ বলে ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরেছেন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসানের।

তবে দ্বিতীয় ওভারেই যেন এলোমেলো হয়ে যান এই পেসার। প্রথম দুটি ডট বল দিলেও পরে টানা দুটি নো, এরপর ফ্রি হিটে ছয়-চার এলোমেলো ছিলেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে তার ওপর চড়াও হয়েছেন কুইন্টন ডি কক। রাইলি রুশোকে নিয়ে ছুটছেন দুরন্ত গতিতে। 

এদিকে টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে দিয়েছিলেন ৮ রান। তবে দ্বিতীয় ওভারের জন্য আসা মিরাজকে স্লগ সুইপ করে দুটি ছয় মেরেছেন রুশো। দ্বিতীয় বলের পর পঞ্চম বলে। আগের ওভারে হাসান মাহমুদ দিয়েছিলেন ১১ রান, মিরাজ পঞ্চম ওভারে দিয়েছেন ১৬ রান।

প্রথম ওভারে মাত্র দুই রান দিয়েছিলেন তাসকিন। দুই ওভার শেষেও রান ছিল ১০। তবে তৃতীয় ওভার থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০ ওভার শেষে এখন তাদের সংগ্রহ ৯১/১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত