রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ভুক্তভোগী শিশুর বাবা মামলা দায়ের করার পর অভিযুক্ত দুধ বিক্রেতা সিরাজ খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতব্বর পাড়া এলাকার আব্দুল খাঁর ছেলে।
পুলিশ ও ওই শিশুর স্বজনরা জানান, অভিযুক্ত সিরাজ খাঁ দুধ বিক্রি করেন। তার বাড়ি থেকে প্রতিদিনই নির্যাতনের শিকার হওয়া শিশুর মা অথবা শিশুটি নিজে দুধ কিনে নিতেন। গত ১৯ অক্টোবর বিকেল ৩টায় শিশুটি সিরাজ খাঁর বাড়িতে দুধ কিনতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সিরাজ খাঁ মেয়েটিকে বসতঘরে নিয়ে নানাবিধ ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করেন।
এ ঘটনার পর থেকেই শিশুটি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সে তার ভাবির মাধ্যমে পরিবারকে জানায়। পরে স্বজনরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার বুধবার সন্ধ্যায় ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলা দায়ের করার পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত সিরাজ খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তার করা আসামিকে রাজবাড়ী জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
