জয়পুরহাটে ৪ বছরের মেয়েকে হত্যা করে থানায় মায়ের আত্মসমর্পণ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০১:৪৮ পিএম

জয়পুরহাটে ৪ বছরের মেয়ে কনিকা পাল হিয়াকে মোবাইল চার্জারের তার গলায় পেঁচিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলেন তার মা মৌমিতা (৩০)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের থানার সামনে বারিধারা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমরা গুহাইল গ্রামের বাসিন্দা শ্রী নয়ন পাল ব্যাংকে চাকরির সুবাদে স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন জয়পুরহাট শহরের বারিধারা এলাকার একটি বাসায়।

নয়ন পাল প্রতিদিনের মতো পাঁচবিবিতে অফিসে যাওয়ার পর এ হত্যাকাণ্ড ঘটিয়ে তার স্ত্রী মৌমিতা থানায় এসে আত্মসমর্পণ করেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মৌমিতা থানায় এসে তার ৪ বছরের মেয়েকে হত্যার বিষয়টি জানায়। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আসামি থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত