ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের পিটুনিতে চাচির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনোয়ারা খাতুন (৩৫)। তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনিকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাশুরের ছেলে সামেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রুস্তম আলী ও তার বড় ভাই সমেদ আলীর মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই সমেদ আলী তার সন্তানদের নিয়ে সংঘবদ্ধভাবে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের উপর বাঁশ ও গাছের ডাল নিয়ে আক্রমণ চালায়।
এ সময় রস্তম আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের মাথায় একাধিক আঘাত করে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
