বাণিজ্য বৃদ্ধিতে সহায়তার জন্য বাংলাদেশে কমার্শিয়াল সার্ভিস অফিস চালু করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির দূতাবাসে নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস চালুর ঘোষণা দিয়েছেন ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর গ্লোবাল মার্কেটস ও ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিসের মহাপরিচালক অরুন ভেঙ্কটারামন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
কমার্শিয়াল সার্ভিস অফিস চালুর ঘোষণা দিয়ে দেশটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভেঙ্কটারামন বলেছেন, ‘আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে এ ধরনের গতিশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ব্যবসা করতে সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের এ নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ১ হাজার কোটি ডলারের; যা এ দেশে বর্তমান ও সম্ভাব্য অপার সুযোগের নিদর্শন।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে এক ঊর্ধ্বতন ফরেন কমার্শিয়াল সার্ভিস অফিসার নিযুক্ত করছে যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানির সুযোগ বাড়ানো যায়। যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বাংলাদেশের বাজারে প্রবেশের বা উপস্থিতি আরও বাড়ানোর কথা বিবেচনা করছে, তাদের সহায়তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা যায়।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অন্যতম ব্যুরো ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের রপ্তানি উন্নয়ন শাখা হলো ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিস। বিশ্বে ১২২টি এবং যুক্তরাষ্ট্রের ১০০টির বেশি শহরে অফিসসহ কমার্শিয়াল সার্ভিসের একটি বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্ক রয়েছে। এ নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস চালু হওয়াতে আন্তর্জাতিক বাজারের সংখ্যা ৮১ হলো। এতে এশিয়া জুড়ে বাংলাদেশসহ ১৯টি বাজারে কমার্শিয়াল সার্ভিসের উপস্থিতি থাকবে।
