মেঘনায় নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৫:০৩ পিএম

নরসিংদীতে পিকনিকে এসে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে মো. গালিব হক (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ২০ ঘণ্টা পর শুক্রবার বেলা একটার দিকে আলোকবালী ইউনিয়নের চর আফজালের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ফরিদুল আলম।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নামার পর পানিতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।

দুই ছাত্র হলেন- পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. গালিব মিয়া (১৫) এবং রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাফফুজ (১৭)।উভয়েই সদর উপজেলা ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং উভয়ে কুরআনে হাফেজ।

নৌ পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়।

বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামলে শিক্ষকসহ বাকি ৩০ জনকে খুঁজে পাওয়া গেলেও অনেক খোঁজাখুঁজির পর ভুক্তভোগীদের আর খুঁজে পাওয়া যায়নি।

পরে পুলিশকে বিষয়টি জানানো হলে সদরের করিমপুর নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে ও ডুবুরি দল না থাকায় গতরাত ৯টায় উদ্ধার অভিযান শেষ করেন।

শুক্রবার সকালে টঙ্গী থেকে ৫ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর ১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই গালিবের মরদেহ উদ্ধার করে। আর মাহফুজের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ফরিদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। বাকি একজনকে উদ্ধারে আমাদের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত