চোটাক্রান্ত কাউকেই বিশ্বকাপে নেবেন না দেশম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, রাফায়েল ভারানে ও পল পগবাকে নিয়ে ফ্রান্সের দুশ্চিন্তাও বাড়ছে। ইনজুরিতে থাকার কারণে দুজনেরই বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এরই মধ্যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়ে দিলেন চোটে আক্রান্ত কোনো খেলোয়াড়কে চূড়ান্ত দলে রাখবেন না তিনি। শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই যাবেন বিশ্বকাপ রক্ষার মিশনে।

প্রিমিয়ার লিগে গত রবিবার চেলসির বিপক্ষে ম্যানইউর খেলায় গোড়ালিতে চোট পান ভারানে। সে সময় ক্লাবের কোচ টেন হাগ জানান, বিশ্বকাপের আগে দলের আর কোনো ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। এই মৌসুমে জুভেন্তাসে যোগ দেওয়া পল পগবা ডান হাঁটুর চোটে পড়েছেন অনেক আগেই, জুভেন্তাসের প্রাক-মৌসুম সফরের সময়। পরে অস্ত্রোপচার করান পগবা। গেল মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। অবশ্য কবে মাঠে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।

এক সাক্ষাৎকারে দেশম বলেছেন, ‘আমার কথা পরিষ্কার। কখনই বড় কোনো প্রতিযোগিতায় চোটাক্রান্ত খেলোয়াড়দের দলে রাখিনি। একটি বিষয় নিশ্চিত করে দিতে চাই, আমি এমন কোনো খেলোয়াড়কে দলে রাখব না যে বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারবে না।’ তবে ভারানে ও পগবার বিষয়টি ভালো করেই জানা আছে দেশমের। এ দুজনের বিষয়ে আলাদা করে বলেন তিনি, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে হবে। এটা বলছি, কারণ অন্যদের তুলনায় পগবার ঘাটতি আছে। রাফায়েলকে (ভারানে) নিয়ে বললেন, তার সমস্যা কিছুটা কম। কারণ, তার পেশির চোট।’

বিশ্বকাপের জন্য ফিফার কাছে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ১৪ নভেম্বর। ইউরোপের লিগগুলোর সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে খেলা। ফলে সামনে আরও খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত