সাংবাদিক শফিক রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শফিক রহমান ২০২১ সালের এই দিনে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকায় সাংবাদিক শফিক রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।
সাংবাদিকতা জীবনে শফিক রহমান বিচিত্রা, প্রোব, নিউইয়র্ক ভিত্তিক একাত্তর, অর্থনীতি প্রতিদিন, ডেইলি সান এবং সাউথ এশিয়ান মনিটরসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে কাজ করেছেন।
যদিও শফিক রহমান পেশাদার ফটোগ্রাফার ছিলেন না তবে তার তোলা ছবি নিয়ে ‘যন্ত্রযানের যাপিত জীবন’ এবং ‘দুঃখের দিগন্ত’ শিরোনামে আয়োজিত দুটি একক প্রদর্শনী সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে।
শফিক রহমান সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন।
