সন্তান জন্মদান ছাড়াই প্রায় ছয় মাস ধরে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন ঢাকার ধামরাইয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। উপজেলার কুল্লা ইউনিয়নের হীরা নদী কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় ওই শিক্ষিকা নুসরাত জাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
ওই শিক্ষিকার মাতৃত্বকালীন ছুটি প্রায় শেষের দিকে হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার এ বিষয়ে কিছুই জানতেন না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার তাদের শোকজ নোটিস পাঠান বলে গতকাল নিশ্চিত করেন তাজমুন্নাহার। তিনি বলেন, ‘ওই তিনজনকে তিন কার্য দিবসের মধ্যে লিখিত আকারে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।’
জানা যায়, গত ১৭ মে থেকে শিক্ষিকা নুসরাত জাহান মাতৃত্বকালীন ছুটি নেন। কিন্তু তার প্রমাণপত্র হিসেবে ডাক্তারি কোনো সনদ শিক্ষাপ্রতিষ্ঠানে ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে নেই। সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষককে ম্যানেজ করে ভুয়া মাতৃত্বকালীন ছুটি নেওয়া হয় বলে অভিযোগ।
