দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইটাওয়ানে হ্যালোইন উৎসবের জনসমাগমে পদদলিতের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮২ জন।
স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী সিউলের ইতাওয়ানে এই ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা ইওনহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনার ভিডিওতে দেখা গেছে রাস্তায় অনেকের মরদেহ পড়ে আছে। স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। দুর্ঘটনাকবলিতদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
এঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শোক জানিয়েছেন বিশ্বনেতারা।
ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, শনিবার রাতে ইতাওয়ানে হ্যালোউন উৎসবের আয়োজনে একটি সংকীর্ণ রাস্তায় হাজার হাজার লোক জড়ো হয়। এসময় বিশৃঙ্খলা তৈরি হলে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে পদদলনের এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি রয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
