কলেজছাত্রীকে রাস্তায় ক্ষুর দিয়ে আঘাত, গ্রেপ্তার ২

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০১:৫৯ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজশিক্ষার্থীকে ক্ষুর দিয়ে গুরুতর জখম করার ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, এঘটনার মূল হোতা জাহিদ (১৯) এখনও পলাতক।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে, গত শনিবার সকালে সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গফরগাঁও ইউনিয়নের উথুরী( শিববাড়ী) গ্রামের মজিবরের ছেলে রাকিব (২২) ও একই এলাকার শফিকুলের ছেলে শরিফুল (১৯)।

উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) সকালে উথুরী গ্রামের রিকশাচালক মো. রোকন উদ্দিনের মেয়ে, স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা (১৭) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা দিয়ে রওনা করে। সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল জোরপূর্বক অটোরিকশা থেকে তাকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। জান্নাত অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ ক্ষুর দিয়ে জান্নাতের মুখে একাধিক আঘাত করে। এতে কলেজ শিক্ষার্থীর গালে, চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়।

পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গভীর ক্ষত দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর থেকে মূল হোতা বখাটে জাহিদ পলাতক রয়েছে। তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত