বরিশালে বিএনপির গণসংযোগে পুলিশের লাঠিপেটার অভিযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

আগামী ৫ নভেনম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গনসমাবেশ উপলক্ষে বাকেরগঞ্জে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কলসকাঠী বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে , আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে পথসভার আয়োজন করা হয়। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা বলেন, ‘আবুল হোসেন খানসহ আমরা শতাধিক নেতাকর্মী জনসংযোগ শেষে কলসকাঠি বাজারে পথসভার জন্য জড়ো হলে পুলিশ অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, হামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, ইউনিয়ন যুবদল নেতা সজল, উপজেলা ছাত্রদল সভাপতি নেয়ামুল হক নাহিদ, ছাত্রদল নেতা মুশফিকুর রহমানসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বরিশালের বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য  আবুল হোসেন খান বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে।

পুলিশের লাঠিচার্জের বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন মিলন জানান, কলসকাঠীতে উপজেলা বিএনপির দুটি গ্রুপ একই স্থানে সভা করতে চাইলে তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় পুলিশ তাদের সরিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত