আফগান কমান্ডোদের ইউক্রেন পাঠাচ্ছে রাশিয়া!

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:১২ এএম

তালেবান-আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে লড়াই করা আফগানিস্তানের স্পেশাল ফোর্সের সদস্যদের মধ্যে যারা গত বছর ইরানে আশ্রয় নিয়েছিল তাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। সাবেক আফগান কমান্ডোদের ইউক্রেনে চলমান যুদ্ধে লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা, গার্ডিয়ান। প্রতিবেদনগুলোতে তিন সাবেক আফগান জেনারেলের ভাষ্য উঠে এসেছে। সাবেক আফগান সেনা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের কয়েক হাজার এলিট কমান্ডোকে নিয়োগ দিতে চাইছে রাশিয়া। এ জন্য ‘ফরেন লিজন’ নামের একটি বাহিনী গঠন ও প্রতি মাসে দেড় হাজার ডলার মজুরি এবং তাদের পরিবারের জন্য আশ্রয়ের প্রতিশ্রুতি দিচ্ছে মস্কো। মূলত তালেবান ক্ষমতা গ্রহণের পর পালানো এসব কমান্ডো যাতে দেশে ফেরা এড়াতে পারেন, সেই সুযোগ তাদের সামনে হাজির করছে ক্রেমলিন। সাবেক আফগান জেনারেল আবদুল রাউফ আরঘানিদিওয়াল বলেন, ‘তারা (আফগান কমান্ডো) লড়াই করতে চায় না। কিন্তু তাদের সামনে কোনো বিকল্প নেই।’ তিনি জানান, ইরানে আশ্রয় নেওয়া এক ডজনের মতো কমান্ডোর সঙ্গে বার্তা বিনিময় হয়েছে তার। এ কমান্ডোরা ভয় পাচ্ছেন তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। বিকল্প হিসেবে তাদের ইউক্রেন যুদ্ধে যোগ দিতে হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত