প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক্ষুর দিয়ে কলেজ শিক্ষার্থীর মুখে আঘাত করার ঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবির জাহিদকে (১৯) গ্রেপ্তার করেছে গফরগাঁও থানার পুলিশ।
বুধবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে জাহিদের দুই সহযোগী রাকিব ও অটোচালক শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন মূল হোতা জাহিদ। পুলিশের একটি দল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গতরাতে অভিযান চালায়। ভোররাতের দিকে জাহিদকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে উথুরী গ্রামের স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা দিয়ে রওনা করেন।
গফরগাঁও টু বরমী সড়ক পথে পৌর শহরের শিলাসী গ্রামের নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন।
শিক্ষার্থী জান্নাত অস্বীকৃতি জানালে জাহিদ ক্ষুর দিয়ে তার মুখে একাধিকবার আঘাত করেন। এতে কলেজ শিক্ষার্থীর গালে, চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়।
পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় ওই রাতেই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
