টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক, নগদা শিমলা ইউনিয়নের যুগ্ম সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক শুকুর মাহমুদ বাবু, তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সদস্য ইমাম আলী ও ফজলুল হক।
বুধবার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল।
মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোস্তফা আঙ্গুর।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
