টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে তাদের।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ফেভারিট হিসেবে অস্ট্রেলিয়ায় পা রাখলেও আসরের শুরু থেকেই চাপে পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে অঘটনের শিকার হয় তারা। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেছে তাদের জন্য।
এখন দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিপক্ষেও জিততে তো হবেই, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
উল্টো চিত্র অবশ্য দক্ষিণ আফ্রিকা শিবিরে। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল তাদের। চারদিকে রব ওঠেছিল ওই ১ পয়েন্টের জন্য না তাদের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়!
সেই শঙ্কা এখনো আছে। তবে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে গত দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর সম্ভাবনাটা বেড়েছে প্রোটিয়াদের। গ্রুপ-২ থেকে সেমির লড়াইয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে তারাই। পাকিস্তানকে হারালে এক ম্যাচ হাতে থাকতে শেষ চার নিশ্চিতও হয়ে যাবে তাদের।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ-২ এ সবার ওপরে ভারত। দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে। তবে এক ম্যাচ কম খেলেছে তারা। নেট রানরেটও সবার চেয়ে ভালো তাদের, ২.৭৭।
এরপর বাংলাদেশের ৪ ম্যাচে ৪। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জিম্বাবুয়ে। তবে তাদের সেমিফাইনালের স্বপ্ন শেষ।
পাকিস্তান ৩ ম্যাচের মাত্র একটি জেতায় ২ পয়েন্ট নিয়ে তলানির নেদারল্যান্ডসের ঠিক ওপরে, পঞ্চম স্থানে। আজ প্রোটিয়াদের সঙ্গে জিতলে তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান- ৪।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে কখনই হারেনি পাকিস্তান। তিনবারের দেখায় তিনবারই জিতেছে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দুই দলের ২১ দেখায় ১১ জয় পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার জয় ১০টিতে।
