বিশ্বকাপের আগে চোটের মিছিলে এবার সন

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

কাতার বিশ্বকাপের আগে চোটের মিছিলে যোগ হলো আরও এক বড় তারকার নাম। দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন চোখে চোট পেয়েছেন। এতে করে টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

সন চোট পান গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে। মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয়ের ম্যাচে ২৩তম মিনিটের ঘটনা সেটি। বেশ খানিকটা সময় মাঠে চিকিৎসার পর তাকে তুলে নেওয়া হয়েছিল।

তবে মাঠ ছাড়ার সময় ৩০ বছর বয়সী সনের চোখেমুখে দৃশ্যমান ছিল ব্যথার যন্ত্রণা। হাঁটতেও কষ্ট হচ্ছিল।

টটেনহ্যাম বুধবার এক বিবৃতিতে জানায়, বাম চোখে আঘাত পেয়েছেন সন হিউং-মিন। তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে। পুনর্বাসন প্রক্রিয়ার পর তিনি কবে ফিরবেন, তা উল্লেখ করা হয়নি।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ নভেম্বর বিশ্বকাপ অভিযান শুরু করছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা হাই প্রোফাইল ফুটবলার সন। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার অধিনায়কও তিনি।

গত মৌসুমের প্রিমিয়ার লিগে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন সন। কাতার বিশ্বকাপে তাকে নিয়ে অনিশ্চয়তা দেশটির ফুটবলপ্রেমীদের কাছে ভীষণ হতাশার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত