ইউক্রেনে জীবাণু অস্ত্রের কথিত উন্নয়নে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে করা রাশিয়ার প্রস্তাব গত বুধবার প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়া গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে এ তদন্তের অনুরোধ করেছিল। বুধবার ভোটে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তদন্তের পক্ষে ছিল রাশিয়া ও চীন। বিপক্ষে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অবস্থান নেয়। নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্যের সবাই ভোটদানে বিরত ছিল। রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি ভোটের ফলাফলে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো সবসময়ই এটাই দেখিয়ে আসছে যে, তারা সব আইনের ঊর্ধ্বে। এটি আসলে তাদের ঔপনিবেশিক মানসিকতা যা দেখে আমরা অভ্যস্ত এবং এতে আমরা বিস্মিতও হই না।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তা লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, এ প্রস্তাবটি ‘রাশিয়ার প্রতারণা এবং মিথ্যার একটি মাইলফলক’ এবং ‘চীন ছাড়া কেউ এর পক্ষে ভোট দেয়নি।’
×
