খেরসন থেকে পিছু হটার ঘোষণা রাশিয়ার, ফাঁদ ভাবছে ইউক্রেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৩:২১ পিএম

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের রাজধানী থেকে পিছু হটার ঘোষণা দিয়েছে রাশিয়া। খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ বৃহস্পতিবার রুশপন্থি একটি অনলাইন পোর্টালকে বলেছেন, খেরসন শহরে থাকা সেনাদের সরিয়ে নেওয়া হবে। তবে ইউক্রেন সন্দেহ করছে, পিছু হটার কথা বলে তাদের সেনাদের জন্য ফাঁদ পাতছে রাশিয়া।

তাই রাশিয়ার খেরসন শহর ছাড়ার খবরটিকে বেশ সতর্কতার সঙ্গে নিচ্ছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া হয়ত ইউক্রেনের সেনাদের ফাঁদে ফেলতে পিছু হটার ভান করছে। রুশ সেনাদের খেরসন শহর ছেড়ে চলে যাওয়ার ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।

ইউক্রেনের সন্দেহ আরও বেড়েছে কারণ খেরসন শহরের প্রশাসনিক ভবনে রাশিয়ার পতাকা আর উড়ানো হচ্ছে না। তাদের ধারণা, রাশিয়া এমন একটি ধারণা তৈরি করতে চাচ্ছে যে তাদের সেনারা খেরসন শহর ছেড়ে চলে গেছে। এখন ইউক্রেনের সেনারা সেখানে প্রবেশ করতে পারবে। কিন্তু আসলে রুশ সেনারা ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক বলেছেন, ‘এটি একটি ফাঁদ হতে পারে। নতুন করে উস্কানি তৈরির কৌশল হতে পারে এটি। তারা (রুশ সেনারা) এমন একটি ধারণা তৈরি করতে চায় যে, এই অঞ্চল পরিত্যক্ত এবং এখানে প্রবেশ করা নিরাপদ, কিন্তু তারা আসলে শহুরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।’

গত ২৪ ফেব্রয়ারি ইউক্রেনে হামলা শুরুর পরপরই বিনা রক্তপাতে পুরো খেরসন দখল করেছিল রুশ সেনারা। কিন্তু এখন খেরসন পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।

খেরসন শহরটির অবস্থান নিপ্রো নদীর পাশে। এখন রুশ সেনারা নদীর পশ্চিম তীর থেকে সরে এসে নদীর পূর্ব দিকে চলে যাচ্ছে। সেনাদের সঙ্গে সেখানে থাকা বেসামরিকদের নদীর একপার থেকে অন্যপারে নিয়ে যাওয়া হচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাশিয়া আসলে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

ওদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনারা খুব একটা পেরে উঠতে না পারায় ক্রেমলিন ‘জ্বালানি সন্ত্রাস’ চালাচ্ছে।

ভলোদিমির জেলেনস্কি বলেন, জ্বালানি নেটওয়ার্কে রাশিয়ার হামলার কারণে ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে রাশিয়া বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধক্ষেত্রে একের পর পর পরাজয়ের কারণে রাশিয়া বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে। গত মাসে হামলায় দেশের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত