চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১:১২ পিএম

অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে দুটি আলাদা ঘটনায় ইসরায়েলি বাহিনী চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলে এ সপ্তাহের নির্বাচনে বৃহস্পতিবার চূড়ান্ত ফল ঘোষণায় সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতায় নাটকীয় প্রত্যাবর্তনের মধ্যেই এ সহিংসতা ছড়িয়ে পড়েছে।

বিবিসি বলছে, পশ্চিমতীরে ইসরায়েলের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আর জেরুজালেমের ওল্ড সিটিতে আলাদা আরেকটি ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকি দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলার সময়। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের যোদ্ধাও আছেন। জেনিনের ইসরায়েলি অভিযানে আরও চার ফিলিস্তিন আহত হওয়ার কথাও জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সাম্প্রতিক সহিংসতার জন্য ইসরায়েলকে দোষারোপ করে এক বিবৃতিতে বলেছেন, পশ্চিমতীরের বিভিন্ন শহরে ইসরায়েলের জোরদার সামরিক হামলা পুরোপুরি একটি বিস্ফোরক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত