ফরিদপুরে ১২ নভেম্বর দলের বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য প্রশাসনের সহযোগিতা চাইল বিএনপি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে জেলা ও মহানগর বিএনপি এক সংবাদ সম্মেলনে এ সহযোগিতা চায়। জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
গণসমাবেশের জন্য প্রশাসনের কাছে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, জনতা ব্যাংক মোড় (ইমাম উদ্দীন স্কয়ার) ও জিলা স্কুল মাঠ প্রস্তাব করেছে বিএনপি।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা গণসমাবেশ আয়োজনের জন্য তিনটি জায়গা প্রস্তাব করেছি। তবে আমাদের মূল দাবি রাজেন্দ্র কলেজ মাঠ। এ মাঠে সমাবেশ করার জন্য যেন আমরা দ্রুত অনুমোদন পেতে পারি সে জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সমাবেশে পরিবহন ধর্মঘটসহ সরকারদলীয় নেতাকর্মীদের দ্বারা বিএনপি নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে বাধা দেওয়া হয়েছে। ফরিদপুরে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই।’
