৩৪-এ পা দিলেন বিরাট কোহলি। জন্মদিনে ঘরনি আনুশকা যে একটু স্পেশাল কিছু করবেন, তা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু আনুশকা যে এভাবে বিরাটের অদ্ভুত কায়দার সব ছবি সামনে নিয়ে আসবেন, তা দেখেই হতবাক অনুরাগীরা। তবে অনেক অবশ্য বলছেন, ব্যাপারটা বেশ কিউট।
শনিবার বিরাটের জন্মদিনে সকাল সকাল এক আজব কাণ্ড করে বসলেন আনুশকা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন বিরাটের আজব কিছু ছবি। যা কিনা দেখতে আজব লাগলেও, আনুশকার কাছে বিরাটের এই ছবিগুলো অত্যন্ত প্রিয় ও আদরের। এই ছবিগুলো পোস্ট করে আনুশকা লিখলেন, 'আজকে তোমার জন্মদিন। তাই তো আমি বেছে নিয়েছি তোমার সেরা ছবিগুলো। যেকোনো অবস্থাতেই তোমাকে ভালোবাসি।'
বিয়ের অনেক আগে থেকেই আনুশকা ও বিরাটের প্রেম এবং রোমান্টিক ছবি দারুণ হিট সোশাল মিডিয়ায়। এখন তো কন্যা ভামিকাও এসেছে বিরাটের সংসারে। সব মিলিয়ে এই সেলেব দম্পতি আরো বেশি প্রেমময় হয়ে উঠছেন। সংসার, কন্যা নিয়েই আপাতত মেতে আছেন আনুশকা। নিজেকে কিছুদিনের জন্য সিনেমা থেকে রেখেছেন দূরে। আনুশকার কথায়, ভামিকা একটু বড় হলেই ফের সিনেমার পর্দায় আসবেন। কথাও রেখেছেন তিনি। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং করছেন আনুশকা। এসবের মাঝে প্রযোজক ভূমিকাতেও একের পর এক বাজিমাত করছেন নায়িকা।
হাতে তার প্রচুর প্রোজেক্ট। তবে কাজ থাকুক কাজের জায়গায়, স্বামী বিরাটকে নতুন করে প্রেমে ফেলতে কোনো চেষ্টাই বাদ রাখছেন না আনুশকা। আর অন্যদিকে, আনুশকার এই পোস্ট দেখে বিরাট কিন্তু স্ত্রীকে এক মুঠো আদর পাঠিয়েছেন। সূত্র : পিঙ্কভিলা
