২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা রবিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২০২১ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। এ বছর তা ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এ হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।
এদিকে, পরীক্ষা গ্রহণে সার্বিক প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। ইতোমধ্যে ৩ নভেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত টানা ৪২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, রবিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নেবে। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ও ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১। মোট ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ ও ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩। তাদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ ও ছাত্রী ৪৩ হাজার ৬৮। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ৪৪৮টি কেন্দ্রে অংশ নেবে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নেবে। তাদের মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ ও ছাত্রী ৩৪ হাজার ১৩। মোট ১ হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসবে।
সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কেউ পরে এলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।
