আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার সাকিব : আকাশ চোপড়া

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০১:১৩ পিএম

ভারতের বিপক্ষে ম্যাচটিতে ভিরাট কোহলির বিরুদ্ধে ‘ফেইক ফিল্ডিং’-এর অভিযোগ করেছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের সেই অভিযোগ আমলে নেননি আম্পায়ার। যে সিদ্ধান্তের কারণে সাকিব আল হাসানদের হারতে হয়েছিল বলে মত দেন অনেকে। তবে ভারত ম্যাচের রেশ কাটতে না কাটতে এবার পাকিস্তানের বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ।

খেলা তখন গড়িয়েছিল একাদশম ওভারে। বোলিংয়ে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। আগের বলেই আউট হয়ে ফিরেছিলেন সৌম্য সরকার। পঞ্চম বলটি সামনে এসে খেলতে গিয়েছিলেন সাকিব। শাদাবের ফুললেংথের ডেলিভারিতে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লিউয়ের আবেদন হলে বেশ খানিকটা সময় নিয়ে তাতে সাড়া দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। সাকিব রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই।

সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরের মতে, ব্যাট মাটিতে স্পর্শ করার কারণে স্পাইক হয়েছে। ইমপ্যাক্ট ছিল ৩ মিটারের বাইরে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত রুসেরের।

তবে সাকিব আম্পায়ারের ‘বাজে’ সিদ্ধান্তের শিকার বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি টুইটে লিখেছেন, ‘সাকিবের ব্যাট একেবারেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়ায় ফোকাস করুন। একটি গজাল ছিল. বল ব্যাটে আঘাত করা ছাড়া আর কিছুই হতে পারত না। শেষ পর্যন্ত বাংলাদেশ আম্পায়ারিংয়ের বাজে সিদ্ধান্তের কবলে পড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত