ডি মারিয়ার চোট সেরে ওঠায় স্বস্তি আর্জেন্টিনায়

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

পেশিতে চোট পেয়ে এক মাস মাঠের বাইরে ছিলেন আনহেল ডি মারিয়া। অবশেষে ফেরার জন্য প্রস্তুত এই আর্জেন্টাইন তারকা। সিরি-আতে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে যুভেন্টাসের অভিজ্ঞ মিডফিল্ডারকে। তাতে হতাশার মেঘ কিছুটা কেটেছে আর্জেন্টিনা শিবিরে।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এর আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের চোটমুক্ত হওয়ার খবর স্বস্তি বয়ে এনেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনির মাঝে।

ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি বলেন, আনহেল ডি মারিয়া সুস্থ হয়ে উঠেছে। এখন তাকে শুরুর একাদশে রাখব নাকি বেঞ্চে বসে থাকবে, সেটা আমাকে ঠিক করতে হবে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে ইউভেন্তুসের ম্যাচে ঊরুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন ডি মারিয়া। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাইরে থাকতে হবে তাকে।

বিশ্বকাপের জন্য আগামী ১৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দলগুলোকে। বৈশ্বিক এই টুর্নামেন্টে আর্জেন্টিনা লড়বে ‘সি’ গ্রুপে। সেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত