ঝিনাইগাতী সীমান্ত

ধানক্ষেতে নামা হাতি তাড়াতে গিয়ে ব্যবসায়ী নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:৩৯ পিএম

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তবর্তী গারো পাহাড়ের পাশে ধান ক্ষেতে নেমে আসা বুনো হাতি তাড়াতে গিয়ে রবিজল (৫০) নামে এক কীটনাশক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে সীমান্তের টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিজল উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামের টিলাপাড়ার সামু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে ৪০-৫০টি বুনো হাতি টিলাপাড়ার উত্তর দিকের পাহাড় থেকে ধান ক্ষেতে নেমে আসে। এসময় গ্রামবাসী তাদের আমন ধান রক্ষায় রাম দা, লাঠিসোঁটা ও মশাল জ¦ালিয়ে হাতি তাড়াতে যায়।

প্রত্যক্ষদর্শী আবদুল মজিদ জানান, রবিজল দা দিয়ে হাতিকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন। এ সময় হাতি আক্রমণ চালায় তার ওপর। একটি হাতি রবিজলের মাথায় আঘাত করলে ধান ক্ষেতেই মারা যান তিনি।  

শেরপুর জেলা সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ দেশ রূপান্তরকে বলেন, হাতি আর মানুষের সংঘাত নিরসনে বন বিভাগ মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করছে। সীমান্তে সোলার ফ্যানসিং-এর কাজ শুরু হয়েছে। হাতির আক্রমণে নিহতের পরিবারকে তিন লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে। পরিবার আবেদন করলে টাকা পাবে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ হাতির আক্রমণে রবিজলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হাতির হামলায় নিহতের ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত