নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাব্বির (২৫) নামের এক যুবককে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের আলী হোসেন, মোক্তার, অলিউল্লাহ গংদের সঙ্গে একই গ্রামের আকলিমার বাড়ির ভাড়াটিয়া সেলিম ও দিপালী দম্পতির ছেলে সাব্বিরের এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ঘটনার সময় সাব্বিরকে বালিয়াপাড়া বাজারে পেয়ে আলী হোসেন ও মোক্তার গং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এসময় তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুটে নেয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
