কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
জানা যায়, ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদানের জন্য নেতাকর্মীরা মিছিল নিয়ে অফিসের দিকে আসতে থাকলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জ, ফাকা গুলি ছুড়লে নেতাকর্মীরা পিছু হটে।
এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহসভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়েরসহ ১৮ জন আহত হন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন।
