এক দিনে শেষ দুই ইনিংস

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:২৫ পিএম

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের শুরুর দিনও হয়েছিল উইকেট বৃষ্টি। ওই রাউন্ডে দুই ম্যাচে একদিনেই পড়েছিল ২০ ও ২৩ উইকেট। পঞ্চম রাউন্ডের প্রথম দিনেও তার পুনরাবৃত্তি হতে চলেছিল। তবে রংপুর প্রতিরোধ গড়ায় দুই ম্যাচে উইকেট বন্যা হয়নি। বিকেএসপিতে চট্টগ্রাম ১০০ রানে অলআউট হলেও রংপুর ৩৪ ওভারে ৫৭ রানে হারায় ১ উইকেট। তবে সিলেটে স্বাগতিক ও ঢাকা বিভাগের ম্যাচে এক দিনেই শেষ দুই ইনিংস; পড়েছে ২১ উইকেট। আগে ব্যাট করে ঢাকা প্রথম ইনিংসে ১১৩ রানে গুটিয়ে যায়। জবাবে সিলেট আরও বাজে করে, মাত্র ৭৬ রানেই শেষ। ৩৭ রানের লিড দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১১৩ রান যোগ করে আরও বাড়িয়েছে।

বাকি দুই ম্যাচে এমন হয়নি। রাজশাহীতে খুলনা বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৬৪ রান করে দিন শেষ করেছে। আর কক্সবাজারে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ২৫২ রান করেছে রাজশাহী। দিনের একমাত্র সেঞ্চুরিয়ান করেন ১০১। জবাবে বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করে ঢাকা মেট্রো।

ঢাকা ও সিলেটের ম্যাচ হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে। এ মাঠের পিচ অতিমাত্রায় স্পিনিং হওয়ার দুর্নাম আছে। তবে কাল শুরুর ম্যাচে এই পিচ আচরণ করল তিন রকম। ঢাকার ইনিংসে সুবিধা পেলেন স্পিনাররা। সিলেটের ইনিংসে এই পিচ হাত বাড়াল পেসারদের দিকে। আবার দিনের তৃতীয় ইনিংসে ঢাকার দ্বিতীয়বার ব্যাটিংয়ের সময় হয়ে গেল ব্যাটিং উইকেট। প্রথম দিনেই অদ্ভুত আচরণে ম্যাচটি যে দ্রুত শেষ হতে চলেছে তা বলাই যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত