চট্টগ্রামের সীতাকুন্ডের মুরাদপুরে গ্যারেজ থেকে চুরি যাওয়া দুটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশের সাহায্য ছাড়া জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকিংয়ের মাধ্যমে মালিকরা নিজেরাই উদ্ধার করেছেন। এ সময় এক চোরকেও আটক করেন তারা। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার রাত ২টার দিকে মুরাদপুরের গুলিয়াখালী এলাকার একটি গ্যারেজ থেকে একসঙ্গে তিনটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এর মধ্যে একটি গাড়ি স্টার্ট না হওয়ায় একটু দূরে ফেলে রেখে যায় চোররা। তৎক্ষণাত গাড়ির মালিকদের খবর দিলে তারা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পান তাদের গাড়িগুলো উত্তর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা আরও দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করে কুমিল্লা থেকে চোরসহ একটি অটোরিকশা আটক করতে সক্ষম হন। অপর একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয়। তবে সেখানে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। গুলিয়াখালী সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘এ পর্যন্ত অন্তত ৬টি অটোরিকশা চুরি হয়। এ কারণে মালিকরা সব গাড়িতে জিপিএস স্থাপন করেন। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশার মালিক মো. তারেক বাদী হয়ে থানায় মামলা করেছেন।’
সীতাকুন্ড থানার এসআই মোতাব্বির গাজী বলেন, ‘আটক ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরও কারা জড়িত আছে, তদন্ত করে দেখা হচ্ছে।’
